বিজ্ঞানচর্চায় দক্ষিণ ত্রিপুরার ছাত্রসমাজ, বিলোনিয়ায় অনুষ্ঠিত জেলা স্তরের ন্যাশনাল সাইন্স সেমিনার ২০২৬

বলরাম দেবনাথ, সাব্রুম, ২৫ আগস্ট || বিজ্ঞান ও প্রযুক্তির আলোয় উদ্ভাসিত হলো দক্ষিণ ত্রিপুরার ছাত্রসমাজ। এক বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার বিলোনিয়ার ঐতিহ্যবাহী অগ্নিবীণা কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ‘দক্ষিণ ত্রিপুরা জেলা স্তরের ন্যাশনাল সাইন্স সেমিনার ২০২৬’। ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং বিজ্ঞানপ্রেমীদের উপস্থিতিতে সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ।
নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের এআরডিডি, মৎস্য ও তপশিলি জাতি উন্নয়ন মন্ত্রী তথা দক্ষিণ ত্রিপুরা জেলার গার্ডিয়ান মিনিস্টার সুধাংশু দাস। বিজ্ঞানমনস্কতার প্রসার এবং ছাত্রছাত্রীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে মন্ত্রীর উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের দক্ষিণ ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত ডি.ই.ও. জীবন দাস।
অনুষ্ঠানের শুরুতে জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া ও ঐতিহ্যবাহী উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর স্বাগত ভাষণ দেন ডি.ই.ও. জীবন দাস। তিনি দক্ষিণ ত্রিপুরা জেলায় বিজ্ঞানচর্চার অগ্রগতি এবং ছাত্রছাত্রীদের মধ্যে বৈজ্ঞানিক চিন্তাভাবনা গড়ে তুলতে এই সেমিনারের গুরুত্ব তুলে ধরেন।
পরবর্তীতে বক্তব্য রাখেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এবং অনুষ্ঠানের প্রধান উদ্বোধক মন্ত্রী সুধাংশু দাস। বক্তব্যে মন্ত্রী বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তির অপরিহার্যতার কথা তুলে ধরেন। তিনি ছাত্রছাত্রীদের কুসংস্কারমুক্ত হয়ে যুক্তিবাদী ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি ত্রিপুরার ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভার বিকাশে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।
সংশ্লিষ্ট মহলের মতে, নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, যুক্তিবোধ ও উদ্ভাবনী চিন্তাভাবনা গড়ে তোলার ক্ষেত্রে জেলা স্তরের এই ন্যাশনাল সাইন্স সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দক্ষিণ ত্রিপুরার ছাত্রসমাজের বিজ্ঞানচর্চায় এই আয়োজন আগামী দিনে এক উল্লেখযোগ্য মাইলফলক হয়ে উঠবে বলেই মনে করছেন তাঁরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*