আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট || মঙ্গলবার রাজধানীর উমাকান্ত মিনি ফুটবল স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো “নীলজ্যোতি–রাখাল মেমোরিয়াল নক-আউট ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচে উপস্থিত থেকে জমজমাট খেলাটি উপভোগ করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিংকু রায় এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী ও উৎসাহিত করতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, দলগত মানসিকতা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে বলেও তিনি উল্লেখ করেন।
ফাইনাল ম্যাচকে ঘিরে স্টেডিয়াম চত্বরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দর্শকদের উপস্থিতিতে ম্যাচটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত। আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও এই ধরনের ক্রীড়া উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
