মনু দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে শুরু রাজ্যস্তরের স্কুল স্পোর্টস খো-খো প্রতিযোগিতা ২০২৬-২৭

নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ০১ সেপ্টেম্বর || দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার মনু দ্বাদশ শ্রেণি বিদ্যালয় ময়দানে শুরু হলো রাজ্যস্তরের স্কুল স্পোর্টস খো-খো প্রতিযোগিতা ২০২৬-২৭। সাব্রুম মহকুমা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে ক্রীড়াপ্রেমী ও ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৭ বছর বয়সি ছাত্র ও ছাত্রীদের খো-খো দল অংশগ্রহণ করছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা মনুতে এসে এই ক্রীড়া আসরে অংশ নিয়েছেন। তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত ও বিকশিত করার লক্ষ্যেই এই আয়োজন বলে জানা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা সভাধিপতি দীপক দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সাব্রুম যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অফিসার জিমি দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী বিপুল ভৌমিক, প্রশাসনের আধিকারিক এবং ক্রীড়া দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
অনুষ্ঠানে অতিথিরা ছাত্রছাত্রীদের জীবনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক বিকাশ, শৃঙ্খলা ও দলগত মানসিকতা গড়ে তুলতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তাঁরা উল্লেখ করেন। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের জন্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়।
রাজ্যস্তরের এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে মনু দ্বাদশ শ্রেণি বিদ্যালয় ময়দান এদিন কার্যত উৎসবের চেহারা নেয়। বিভিন্ন জেলার প্রতিযোগী ও দলের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে গোটা মাঠ। আগামী দিনগুলিতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলির মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ ও হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করছেন আয়োজকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*