প্রযুক্তির সাহায্যে চিত্তরঞ্জন চুরি-কাণ্ডের কিনারা, উদ্ধার প্রায় ৫০ গ্রাম স্বর্ণালংকার, চোরের পাশাপাশি চোরাই সোনা কেনার অভিযোগে অলংকার ব্যবসায়ীও পুলিশের জালে

গোপাল সিং, খোয়াই, ০১ সেপ্টেম্বর || প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজধানীর চিত্তরঞ্জন এলাকায় সংঘটিত চুরি-কাণ্ডের কিনারা করল পূর্ব আগরতলা থানার পুলিশ। চুরি যাওয়া প্রায় ৫০ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধারের পাশাপাশি ঘটনার মূল অভিযুক্ত চোর এবং চোরাই সোনা কেনার অভিযোগে এক অলংকার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য সাড়ে ৬ লক্ষ টাকারও বেশি বলে জানা গেছে।
মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকার। তিনি জানান, সম্প্রতি চিত্তরঞ্জন এলাকার বাসিন্দা শ্রীজীব সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ি থেকে বেশ কিছু স্বর্ণালংকার খোয়া যাওয়ার পর গৃহকর্তার লিখিত অভিযোগের ভিত্তিতে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তে প্রযুক্তির সহায়তা নিয়ে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে পুলিশ ঘটনায় জড়িত সন্দেহভাজনকে শনাক্ত করে। পরবর্তীতে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে বলে পুলিশ সূত্রে জানা যায়। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, চুরি করা স্বর্ণালংকার শহরের এক অলংকার ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছিল।
এরপর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ওই অলংকার ব্যবসায়ীকেও আটক করে। তাঁর হেফাজত থেকে চিত্তরঞ্জন এলাকার শ্রীজীব সাহার বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গয়নার মোট ওজন প্রায় ৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য সাড়ে ৬ লক্ষ টাকারও বেশি বলে পুলিশ জানিয়েছে।
পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, আটক দু’জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালংকার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার জন্যও আইনানুগ প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, অপরাধ দমন এবং শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ব আগরতলা থানার পুলিশ সর্বদা তৎপর রয়েছে। প্রযুক্তির ব্যবহার করে আগামী দিনেও অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ আরও সক্রিয়ভাবে কাজ করবে বলে জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*