বলরাম দেবনাথ, সাব্রুম, ০৩ সেপ্টেম্বর || দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো মহকুমাভিত্তিক স্কুল স্পোর্টস মিটের যোগা বাছাই পর্ব। বুধবার সাব্রুম মহকুমা স্পোর্টস অফিসের হলঘরে আয়োজিত এই বাছাই প্রতিযোগিতায় মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে নিজেদের যোগ্যতা ও প্রতিভার প্রদর্শন করে।
অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯—এই তিনটি বয়স বিভাগে বালক ও বালিকা প্রতিযোগীরা অংশ নেয়। প্রতিযোগীদের দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে বালক বিভাগ থেকে ৯ জন এবং বালিকা বিভাগ থেকে ৯ জন—সর্বমোট ১৮ জন প্রতিযোগীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
বাছাই পর্বে নির্বাচিত প্রতিযোগীরা আগামীকাল বিলোনিয়া জেলা সদরে অনুষ্ঠিতব্য মূল যোগা প্রতিযোগিতায় সাব্রুম মহকুমার প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। ফলে জেলা স্তরের প্রতিযোগিতায় ভালো ফলাফল করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে নির্বাচিত হওয়ার প্রত্যাশী প্রতিযোগীরা।
এদিনের আয়োজন ও পরবর্তী প্রস্তুতি সম্পর্কে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সাব্রুম নগর পঞ্চায়েত এলাকার স্পোর্টস চেয়ারম্যান বিমল ভৌমিক। তিনি বলেন, মহকুমার ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া ও যোগাসনের প্রতি যে উৎসাহ দেখা যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। জেলা স্তরের প্রতিযোগিতাতেও সাব্রুমের প্রতিযোগীরা নিজেদের সাফল্যের ধারা বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিনের যোগা বাছাই পর্বকে ঘিরে প্রতিযোগীদের পাশাপাশি অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যেও ছিল উৎসাহ ও উদ্দীপনা।
