গোপাল সিং, খোয়াই, ২১ সেপ্টেম্বর || এডিসি ভিলেজ কমিটি নির্বাচনের উত্তাপ বাড়ার সাথে সাথেই তিপ্রামথা দলের রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিতে শুরু করেছে। আমবাসা কেন্দ্রের মথা বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার বিরুদ্ধে এবার ফের বিস্ফোরক অভিযোগ তুললেন দলেরই অন্যতম প্রভাবশালী নেতা তথা বিধায়ক রঞ্জিত দেববর্মা।
টিটিএএডিসি নির্বাচনের সময় দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিজেপি প্রার্থীর হয়ে প্রচার চালানোর অভিযোগ আগেই উঠেছিল চিত্তরঞ্জন বাবুর বিরুদ্ধে, যা নিয়ে সংবাদমাধ্যমে ছবিসহ ফলাও করে খবরও প্রকাশিত হয়েছিল। আজ সেই পুরোনো বিতর্ককে পুনরুজ্জীবিত করে নতুন অভিযোগের তির ছুঁড়লেন রঞ্জিত দেববর্মা।
এক বিবৃতিতে বিধায়ক রঞ্জিত দেববর্মা অভিযোগ করেন, আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা এখনও তিপ্রামথা দলের নীতি ও স্বার্থের বিরুদ্ধে গোপনে কাজ করে যাচ্ছেন। ককবরক ভাষায় তিনি সরাসরি দাবি করেন, “তিপ্রামথা দলের বিরুদ্ধে বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার গোপন বৈঠক এখনও গোপনে চলছে। সামাজিক মাধ্যমেও ভুয়ো বার্তা ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।”
তিনি আরও বলেন, এডিসি নির্বাচনের আগেও দল ভাঙার জন্য এক মন্ত্রীর সাথে হাত মিলিয়ে চক্রান্ত করা হয়েছিল। কিন্তু ‘বুবাগ্রা’ (প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মা)-র প্রতি ত্রিপুরাবাসীদের গভীর আস্থা ও ভালোবাসার কারণে সেই ষড়যন্ত্র সফল হয়নি।
রঞ্জিত দেববর্মা সতর্ক করে দিয়ে বলেন, এর পেছনে কোনো বিশেষ রাজনৈতিক দলের ইন্ধন বা মদত রয়েছে। এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে তিপ্রামথা, ইয়ুথ তিপ্রা ফেডারেশন (YTF), তিপ্রা উইমেনস ফেডারেশন এবং টিআইএসএফ-এর প্রতিটি যোদ্ধা ও কর্মীকে সব সময় সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ভিলেজ কমিটি নির্বাচনের প্রাক্কালে বিধায়ক রঞ্জিত দেববর্মার এই গুরুত্বপূর্ণ খোলাসায় আমবাসা সহ গোটা পাহাড়ের রাজনীতিতে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। তবে এই গুরুতর অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
