বলরাম দেবনাথ, সাব্রুম, ০৬ নভেম্বর || ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী ও জনজাতি গৌরব দিবস উদযাপনকে সামনে রেখে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে পিএম শ্রী সাব্রুম বালিকা বিদ্যালয়ের জনজাতি ছাত্রী হোস্টেল ‘স্নেহা নিকেতন’। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নানা প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশেষ দিবস উদযাপন করা হবে।
এই কর্মসূচির প্রথম দিন আজ, শুক্রবার, হোস্টেলের কনফারেন্স হলে কুইজ প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা এবং জনজাতিদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এতে অংশগ্রহণ করে হোস্টেলের ছাত্রীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএম শ্রী সাব্রুম বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ, হোস্টেলের ইনচার্জ-সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এই সপ্তাহব্যাপী কর্মসূচির মূল লক্ষ্য হলো জনজাতি সমাজের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের ছাত্রীদের পরিচিত করে তোলা। পাশাপাশি ভারতের স্বাধীনতা সংগ্রামে ভগবান বিরসা মুন্ডার অসামান্য অবদান, তাঁর আত্মত্যাগ এবং সংগ্রামী জীবন সম্পর্কে ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উদযাপন চলবে। জনজাতি সমাজের ঐতিহাসিক গৌরব ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার পাশাপাশি ছাত্রীদের মধ্যে দেশপ্রেম, আত্মপরিচয় ও সাংস্কৃতিক চেতনা জাগিয়ে তুলতে বিদ্যালয়ের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
