আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৬ নভেম্বর || আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল উপলক্ষ্যে আগরতলার রাজপথে অনুষ্ঠিত হলো এক সুবিশাল বর্ণাঢ্য র্যালি। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা এবং বিজেপির প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়ের উপস্থিতিতে আয়োজিত এই র্যালিতে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে আগরতলার রাজপথ। র্যালিতে অংশগ্রহণের মধ্য দিয়ে বিজেপির মনোনীত প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র দাখিল করেন। কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে গোটা কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন, আগরতলা পুর নিগম নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল উপলক্ষ্যে আয়োজিত এই সুবিশাল র্যালিতে তিনি অংশগ্রহণ করেছেন। তাঁর বক্তব্য, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, উৎসাহ ও উদ্দীপনা উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিজেপির প্রতি মানুষের আস্থা ও সমর্থনের প্রতিফলন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব এবং রাজ্যে ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস’—এই মন্ত্রকে পাথেয় করে আগরতলাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, সুন্দর ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা পুর নিগম নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা বাড়তে শুরু করেছে। এদিনের র্যালির মাধ্যমে বিজেপি তাদের নির্বাচনী কর্মসূচিকে আরও জোরদার করল।
