খোয়াইয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩, পুজোয় কড়া নিরাপত্তা

গোপাল সিং, খোয়াই, ১৩ অক্টোবর || শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে খোয়াই জেলা পুলিশ। জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে ইতিমধ্যেই দুটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার টি বোগ্গাতি জগদীশ্বর রাও জানিয়েছেন, এবছর জেলায় মোট ৪০৮টি দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। উৎসবের নিরাপত্তায় মোতায়েন থাকবেন ১১০০ জন নিরাপত্তাকর্মী।
এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার জানান, নারী দর্শনার্থীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে জেলার দুটি মহকুমাতেই মহিলা পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি, প্রতিটি পুজো কমিটিকে মহিলা স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উৎসবের মরসুমে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই মধ্যে খোয়াইয়ে দুটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলা পুলিশ সুপারের দেওয়া তথ্য অনুযায়ী, গত বছর জেলায় ৩৫৭টি পুজো অনুষ্ঠিত হলেও এবছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৮-এ। পুজোর সংখ্যা বৃদ্ধির কথা মাথায় রেখে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, টিএসআর ও সিআরপিএফ মিলিয়ে মোট ১১০০ জন নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবেন।
এছাড়াও নিরাপত্তার স্বার্থে গোটা জেলায় থাকবে ৪৮টি মোবাইল পেট্রোলিং ভ্যান, ১৯টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ, ২২টি ড্রপ গেট এবং ২৮টি সিসিটিভি ক্যামেরা।
জেলা পুলিশ প্রশাসনের আশা, এই বহুমুখী নিরাপত্তাব্যবস্থার ফলে সাধারণ মানুষ নির্বিঘ্নে দুর্গোৎসবে অংশ নিতে পারবেন। একই সঙ্গে চাঁদাবাজি রোধ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুজোর দিনগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*