গোপাল সিং, খোয়াই, ১৩ অক্টোবর || খোয়াই শহরে সম্পদ কর ও জলকরের বর্ধিত হার প্রত্যাহারসহ নাগরিক পরিষেবার উন্নয়নে একগুচ্ছ দাবিতে খোয়াই পৌর পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করল সিপিআই(এম)’র খোয়াই মহকুমা কমিটি।
স্মারকলিপিতে বর্ধিত সম্পদ কর, জলকর ও বিদ্যুৎ বিলের হার প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। পাশাপাশি পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে নিকাশি ব্যবস্থার সংস্কার, পরিশোধিত পানীয় জলের সুব্যবস্থা, শহরের প্রতিটি গলিপথে স্ট্রিট লাইট স্থাপন এবং খোয়াই টাউন হল সংস্কারের দাবিও তোলা হয়েছে।
এছাড়া বৈজ্ঞানিক পদ্ধতিতে শহরকে আবর্জনামুক্ত করা, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থার উন্নতি, পার্কিং জোনের ব্যবস্থা এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নির্মিত ড্রেনগুলির গুণগতমান বজায় রাখার দাবি জানিয়েছে সিপিআই(এম)। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের অধীনে ২০০ দিনের কাজের ব্যবস্থা করার দাবিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে শহরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিক পরিষেবাগুলি সচল রাখার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে সিপিআই(এম)’র খোয়াই মহকুমা কমিটি। শহরবাসীর বিভিন্ন সমস্যা সমাধান এবং নাগরিক পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যেই এই দাবিগুলি পৌর কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হয়েছে।
