বলরাম দেবনাথ, সাব্রুম, ১২ অক্টোবর || উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় শুরু হলো রাজ্য স্তরের স্কুল ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬-এর অনূর্ধ্ব-১৪ বালক বিভাগের ফুটবল আসর। সোমবার বিলোনিয়ার বি.কে.আই. সিন্থেটিক ফুটবল গ্রাউন্ডে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মন্ত্রী রতনলাল নাথ।
ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং দক্ষিণ ত্রিপুরা জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় এই রাজ্য স্তরের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত কিশোর ফুটবলারদের প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং আগামী দিনের দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজ্জাদ পি., বিলোনিয়া পৌরসভার পৌরপিতা নিখিল চন্দ্র গোপ, সমাজসেবী দীপায়ন চৌধুরী, সায়ন্তন দত্ত-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
১২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী চলবে এই ফুটবল প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারী বিভিন্ন দলের কিশোর ফুটবলাররা নিজেদের ক্রীড়া নৈপুণ্য, শৃঙ্খলা ও দলগত সংহতি তুলে ধরার সুযোগ পাবে। পাশাপাশি, প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতার মনোভাব এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বদানের ক্ষমতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই লক্ষ্যকে সামনে রেখেই রাজ্যের ছাত্রছাত্রীদের ক্রীড়াক্ষেত্রে উৎসাহিত করতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
বিলোনিয়ায় এই রাজ্য স্তরের ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আগামী তিন দিন বিভিন্ন দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতা থেকে আগামী দিনের প্রতিভাবান ফুটবলার উঠে আসবে বলে আশাবাদী ক্রীড়ামহল।
ক্রীড়া প্রতিভার বিকাশ, শৃঙ্খলা ও দলগত সংহতির বার্তা নিয়ে বিলোনিয়ায় শুরু হওয়া এই প্রতিযোগিতা রাজ্যের স্কুলস্তরের ফুটবল চর্চাকে আরও উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।
