অল্প বয়সেই দুর্গাপ্রতিমা তৈরি করে নজির গড়ল শুভ্রজিৎ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৩ অক্টোবর || বর্তমান ডিজিটাল যুগে পড়াশোনার পাশাপাশি মৃৎশিল্পের প্রতি আগ্রহ দেখিয়ে নজির গড়ল বাইখোড়ার জগন্নাথ পাড়ার বাসিন্দা শিবশঙ্কর দাসের ছেলে শুভ্রজিৎ দাস। কেন্দ্রীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র শুভ্রজিৎ প্রথমে মাটি দিয়ে দেবী সরস্বতীর প্রতিমা তৈরি করে সবার নজর কেড়েছিল। এবার পরিবারের সদস্য, আর্টের শিক্ষক ও স্থানীয় এক মৃৎশিল্পীর সহযোগিতা ও অনুপ্রেরণায় তৈরি করেছে দেবী দুর্গার প্রতিমা।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভ্রজিৎ জানায়, প্রতিমা তৈরি করা তার নেশা। ভবিষ্যতে বড় অফিসার, চিকিৎসক কিংবা ইঞ্জিনিয়ার হলেও মৃৎশিল্পের কাজ সে চালিয়ে যাবে। এই কাজে তার পড়াশোনার ক্ষতি হতে পারে বলে কেউ কেউ মনে করলেও অনেকেই তাকে উৎসাহ জুগিয়েছেন। স্থানীয় এক মৃৎশিল্পীও প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
শুভ্রজিতের তৈরি দুর্গাপ্রতিমাকে সামনে রেখেই জগন্নাথ পাড়ায় দুর্গাপূজার আয়োজন করা হবে বলে জানিয়েছে সে। ছোট্ট এই শিল্পীর হাতে তৈরি প্রতিমা দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তার এই উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে মৃৎশিল্পের প্রতি আগ্রহ বাড়াবে বলে আশাবাদী এলাকাবাসী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*