আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর || চলন্ত পুলিশের গাড়িতে দ্রুতগতির বাইকের ধাক্কা। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জঙ্গলে গিয়ে পড়ল গাড়িটি। বিশালগড় এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি বিশ্রামগঞ্জ থানার আসামিবাহী পুলিশের গাড়ি বলে জানা গেছে।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দ্রুতগতিতে একটি বাইক নিয়ে পুলিশের গাড়িটিকে ওভারটেক করার চেষ্টা করেন চালক। সেই সময় বাইকটির সঙ্গে পুলিশের গাড়ির সংঘর্ষ হয়। ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের জঙ্গলে ছিটকে পড়ে। দুর্ঘটনার সময় বাইকচালক নাবালক ছিল বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানবিকতার পরিচয় দেন প্রতিমা ভৌমিক। নিজের গাড়ি থামিয়ে দুর্ঘটনাগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসেন তিনি। তাঁর এই উদ্যোগ দুর্ঘটনাস্থলে বিশেষভাবে নজর কাড়ে।
এদিকে, দুর্ঘটনায় কতজন আহত হয়েছেন এবং তাঁদের শারীরিক অবস্থা কেমন, তা এখনও স্পষ্ট নয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
