TRESP-এর কৃষি সাফল্যে সন্তোষ প্রকাশ জেলাশাসকের, জাম্পুইজলায় সফল প্রডিউসার গ্রুপ পরিদর্শন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর || গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট (TRESP)-এর উদ্যোগে নতুন আশার আলো দেখছেন জাম্পুইজলার কৃষকরা। লাউ ও শসা চাষের মাধ্যমে প্রডিউসার গ্রুপের সদস্যদের সাফল্য সরেজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করলেন সিপাহিজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল, IAS।
সম্প্রতি জাম্পুইজলা আরডি ব্লকের অন্তর্গত পশ্চিম তাকারজলা ভিলেজ কমিটির লিলি প্রডিউসার গ্রুপ ও খাবাকসা প্রডিউসার গ্রুপ এবং দয়ারামপাড়া ভিলেজ কমিটির টাংবিতি প্রডিউসার গ্রুপ পরিদর্শন করেন জেলাশাসক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাম্পুইজলা ব্লকের বিডিও শ্রী ওবেদ এল. ডারলং, TCS, ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট (DCM) এবং TRLM-এর কর্মীরা। BPMU, জাম্পুইজলার উদ্যোগে এই পরিদর্শনের ব্যবস্থা করা হয়।
পরিদর্শনকালে জেলাশাসক প্রডিউসার গ্রুপের সদস্যদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তাঁদের কৃষিকাজের পদ্ধতি, উৎপাদন এবং আয়ের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি। লাউ ও শসা চাষের মাধ্যমে কৃষকদের আয়ের সুযোগ তৈরি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন জেলাশাসক। পাশাপাশি, গ্রামীণ এলাকার মানুষের জীবিকার উন্নয়নে BPMU, জাম্পুইজলা এবং TRESP-এর মাঠপর্যায়ের কর্মীদের উদ্যোগ ও প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
প্রডিউসার গ্রুপগুলির এই সাফল্য কৃষকদের আর্থিক স্বনির্ভরতার পাশাপাশি সমবেত উদ্যোগে কৃষিকাজের প্রসারেও ইতিবাচক ভূমিকা রাখছে। উন্নত চাষাবাদ পদ্ধতি গ্রহণ এবং সম্মিলিতভাবে উৎপাদনমুখী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রকল্পের সহায়তায় কৃষকদের মধ্যে আত্মবিশ্বাস ও স্বনির্ভরতার মানসিকতাও বৃদ্ধি পাচ্ছে।
জেলাশাসকের এই মাঠপর্যায়ের পরিদর্শন প্রডিউসার গ্রুপের সদস্যদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তাঁদের কৃষিকাজের সাফল্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকের নজরে আসায় আগামী দিনে আরও উৎসাহ নিয়ে কৃষিকাজ ও জীবিকামূলক কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা মিলবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, TRESP-এর মাধ্যমে গ্রামীণ ও জনজাতি অধ্যুষিত এলাকায় জীবিকার সুযোগ সম্প্রসারণ, কৃষিভিত্তিক উদ্যোগে উৎসাহ প্রদান এবং প্রডিউসার গ্রুপগুলিকে আরও শক্তিশালী করার প্রচেষ্টা চালানো হচ্ছে। জাম্পুইজলায় লাউ ও শসা চাষে কৃষকদের এই সাফল্য গ্রামীণ জীবিকার উন্নয়নে কৃষিভিত্তিক উদ্যোগের গুরুত্বকে আরও একবার তুলে ধরল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*