হাঁপানিয়ায় ১,৪৫২ জন শিক্ষককে নিয়োগপত্র প্রদান, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় জোর মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর || রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বুধবার রাজধানী আগরতলার হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে ১,৪৫২ জন শিক্ষক-শিক্ষিকার হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং মেধাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যোগ্য প্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।
মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমান সরকারের সময়কালে সরকারি ক্ষেত্রে মোট ২৩,৯৮৬ জন কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। পাশাপাশি চুক্তিভিত্তিক নিয়োগ এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে আরও প্রায় ২৬,০০০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।
এই কর্মসংস্থানের ধারাবাহিকতায় বুধবার আরও ১,৪৫২ জন শিক্ষক-শিক্ষিকার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। নবনিযুক্তদের মধ্যে টেট-২ (TET-2) উত্তীর্ণ ৭৬৬ জন এবং এসটিজিটি (STGT) উত্তীর্ণ ৬৮৬ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন।
মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকারা আগামী প্রজন্মের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাঁদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তোলা সম্ভব হবে। এর মধ্য দিয়েই ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়নে তাঁরা উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই নিয়োগের মাধ্যমে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের গুণগত শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*