৭১তম বর্ষে শান্তিকামী সংঘের বিশেষ আকর্ষণ উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির, সাজছেন স্থানীয় শিল্পীরা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর || শারদোৎসবকে কেন্দ্র করে নতুন থিমের চমক নিয়ে রাজ্যবাসীর সামনে হাজির হতে চলেছে আগরতলার শান্তিকামী সংঘ বুদ্ধমন্দির। এবছর তাদের দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। ৭১তম বর্ষে পদার্পণ করতে চলা এই ক্লাবের পুজোকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
মণ্ডপ নির্মাণের কাজে যুক্ত রয়েছেন আগরতলার স্থানীয় শিল্পী ও মৃৎশিল্পীরা। স্থানীয় শিল্পীদের সৃজনশীলতা ও দক্ষতার সমন্বয়ে মহাকালেশ্বর মন্দিরের আদলে মণ্ডপটি দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।
ক্লাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পঞ্চমী তিথিতে সন্ধ্যা ৭টায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার হাত ধরে পুজো মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ আয়োজনও করা হয়েছে। পাশাপাশি, দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ক্লাব কর্তৃপক্ষের আশা, পুজোর শুরু থেকেই মণ্ডপে দর্শনার্থীদের ভিড় জমবে। বিশেষত উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের আদলে তৈরি মণ্ডপ দেখতে শহর ও শহরতলির বহু মানুষ ভিড় করবেন বলে তাঁরা আশাবাদী।
এদিন ক্লাবের সভাপতি দীপক সিনা এবং সম্পাদক দুলাল সাহা জানান, নতুন থিমের মাধ্যমে দর্শনার্থীদের সামনে বিশেষ কিছু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মণ্ডপ নির্মাণের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়েও এবারের দুর্গোৎসবকে স্মরণীয় করে তুলতে উদ্যোগী হয়েছেন তাঁরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*