গোপাল সিং, খোয়াই, ২৪ ফেব্রুয়ারী ।। বইমেলা প্রাণের স্পন্দন। আগামী ২৭শে ফেব্রুয়ারী থেকে ৫ দিনব্যাপী খোয়াই বইমেলা ২০১৬ শুরু হতে চলছে। মঙ্গলবার খোয়াই পুর পরিষদের কার্য্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই তথ্য তুলে ধরা হয়। এদিনকার সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্তা, ভাইস-চেয়ারপার্সন কানন দত্ত, বইমেলা কমিটির কনভেনার বিজনেন্দু চক্রবর্তী সহ অন্যান্যরা। বইমেলাকে স্বার্থক রূপ দেওয়ার জন্য ইতিমধ্যেই মোট ১০টি সাব-কমিটি গঠিত হয়েছে। সঠিক সংখ্যার উল্লেখ না করলেও আনুমানিক ৪০টির উপর স্টল বসবে খোয়াই বই মেলায়। যার মধ্যে ত্রিপুরা পাবলিসার্স গিল্ড থেকে ২২টি, কলকাতা থেকে ৫টি স্টল, দ্য অল ত্রিপুরা বুক সেলার্স এন্ড পাবলিসার্স এসোসিয়েশন-এর পক্ষ থেকে আসবে ১০টি স্টল, স্থানীয় ৫টি স্টল সহ থাকবে লিটল ম্যাগাজিনের জন্য একখানা স্টল। লিটল ম্যাগাজিনের জন্য এই প্রথমবার খোয়াই বইমেলায় থাকবে স্টল। যদিও হাতে সময় কম। হাতেগুনা মাত্র দু’চারদিন বাকি। তাই টাইটানিক নাই বা করা গেল, আপাতত কাগজের নৌকাই ভাসাতে হবে লিটল ম্যাগ-এর সম্পাদকদের। তবে সেটাও কতদুর সম্ভবপর হয়ে উঠবে তাও অনিশ্চয়তার মধ্যেই থাকছে। এদিকে বইমেলাকে কেন্দ্র করে মোট ৬ জনের একটি এডভাইজরি কমিটি গঠিত হয়েছে বলেই জানালেন খোয়াই পুর পরিষদের ভাইস-চেয়ারপার্সন কানন দত্ত। এই কমিটিতে রয়েছেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেবসরকার, বিধায়ক পদ্মকুমার দেববর্মা, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি সাইনি সরকার, দশরথ দেব মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ, জেলা ও মহকুমা শাসক প্রমুখরা। খোয়াই সুভাষপার্ক স্থিত বইমেলা প্রাঙ্গনে ৫ দিনব্যাপী বইমেলার সমাপ্তি হবে ২রা মার্চ। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পযন্ত চলবে বইমেলা। কিন্তু ২রা মার্চ অন্তিম দিনে ৯টা পযন্ত চলবে বইমেলা।
