নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী ৷৷ পুস্পার্ঘ, সঙ্গীত, যন্ত্র সঙ্গীত এবং স্মৃতিচারণায় রাজ্যের প্রায়ত তিন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানালেন রাজ্যের লেখক, শিল্পী, বুদ্ধিজীবী সহ বিভিন্ন অংশের মানুষ। বুধবার বিকেলে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং প্রেক্ষাগৃহে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র এবং বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজিত হয় এক স্মরনাঞ্জলী অনুষ্ঠান। এই স্মরনাঞ্জলী অনুষ্ঠানে সদ্য প্রয়াত রাজ্যের বিশিষ্ট ধ্রুপদী সংগীতশিল্পী ননীগোপাল চক্রবর্তী, বিশিষ্ট বেহালা বাদক ত্রিপুরেন্দ্র ভৌমিক এবং বিশিষ্ট আলোকচিত্র শিল্পী রবীন সেনগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপণ করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা, বিশিষ্ট সাংবাদিক গৌতম দাশ সহ রাজ্যের লেখক, শিল্পী, বুদ্ধিজীবী সহ সাংস্কৃতিক জগতের মানুষ। অনুষ্ঠানের শুরুতেই বিশিষ্ট শিল্পী শিবপ্রসাদ ধর সংগীত পরিবেশন করেন। যন্ত্র সংগীত পরিবেশন করেন বিশিষ্ট বেহালা বাদক আশোক দাস। বক্তারা প্রয়াত তিন সাংস্কৃতিক ব্যক্তিত্বের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপণ করে তাঁদের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোকচিত্র শিল্পী রবীন সেনগুপ্তের সহধর্মিণী এবং অনুজ সম্ভু সেনগুপ্ত, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব এম এল দে, অধিকর্তা এম কে নাথ সহ প্রয়াত শিল্পীদের পরিবার পরিজন।