খোয়াই চাম্পাহাওড় থানা এলাকায় এক ব্যাক্তিকে কুপিয়ে খুন, ধৃত তিন

marderগোপাল সিং, খোয়াই, ১৫ ফেব্রুয়ারী ৷৷ ‘খোয়াইয়ের চাম্পাহাওড় থানাধীন পূর্ব তকছায়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে এক ব্যাক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হল। পারিবারিক বিবাদের জেরে আরও একটি তরতাজা প্রাণ অসময়ে ঝরে গেল। মৃতের নাম সমীর দেববর্মা। মঙ্গলবার রাত আনুমানিক ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনার পর পরিবারের অভিযোগমুলে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে ঘটনার বিবরনে জানা যায় পূর্ব তকছায়া গ্রামে একটি সামাজিক অনুষ্ঠান থেকে সবে মাত্র বাড়ী ফিরেছিলেন সমীর দেববর্মা। রাত আনুমানিক ১১টা নাগাদ পাশের বাড়ীর অলকেশ দেববর্মা, সেলিম দেববর্মা ও বিদ্যুৎ দেববর্মার সাথে বচসায় জড়িয়ে পড়েন সমীর দেববর্মা। মুহুর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরবর্তী সময় ধারালো অস্ত্র দিয়ে সমীরকে মাথায় আঘাত করে তিন অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় সমীর দেববর্মাকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে এবং সেখান থেকে জিবি স্থানান্তর করা হয়। কিন্তু বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সমীর দেববর্মার মৃত্যু হয়। ঘটনার পর পরই খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক সহ পুলিশবাহিনী পূর্ব তকছায়া গ্রামে পৌছান। মৃতের পরিবারের অভিযোগমুলে তিন অভিযুক্ত অলকেশ দেববর্মা, সেলিম দেববর্মা ও বিদ্যুৎ দেববর্মাকে আটক করেন। অলকেশ এবং সেলিম দেববর্মা পিতা-পুত্র বলে জানা গেছে। মহকুমা পুলিশ আধিকারিক জানান, তাদের নিজেদের আত্মীয়-স্বজনের মধ্যেই মারামারি হয় এবং একজন গুরুতর আহত হয়। পরবর্তী সময় তার মৃত্যু হয়। গ্রামে একটি উৎসব ছিল এবং সেই উৎসব থেকেই ঝগড়ার সৃষ্টি। এদিকে মৃতের পরিবারের অভিযোগ ঘটনার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল সকলে। কিন্তু পুরনো একটি শত্রুতা ছিল অভিযুক্ত তিন জনের সাথে সমীর দেববর্মার। সেই বিষয়টির রেশ হিসাবেই পরিকল্পিতভাবে এবং নৃশংসভাবে সমীরকে খুন করা হয়েছে। সমীরকে বাঁচাতে গিয়ে তার পরিবারের অন্যান্য লোকজনও আঘাত পায়। কাউকে কাউকে হাতুরি দিয়েও মারধর করা হয়। এদিকে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সমীর দেববর্মা। বুধবার জিবি হাসপাতালে সমীর দেববর্মা মৃত্যুর কোলে ঢলে পড়ে। মৃতে পরিবারের তরফে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*