গোপাল সিং, খোয়াই, ১৩ ফেব্রুয়ারি ৷। আগুনে ভস্মীভূত হয়ে গেল গোয়াল ঘর সহ বসতঘর। গোয়াল ঘরে থাকা ১০টি গরু আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করল এলাকাবাসী। ঘটনা খোয়াই লালছড়া বান্দের পাড় এলাকায়। জানা যায়, বুধবার গভীর রাতে হঠাৎ খোয়াই লালছড়া বান্দের পাড় এলাকার বাসিন্দা বিশ্বজিৎ ঘোষের ঘর লাগোয়া গোয়াল ঘরে আগুন লাগে। বিশ্বজিৎ ঘোষ সহ বাড়ির সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। গোয়াল ঘরের লাগোয়া একটি বারান্দায় খড়ের গাদা ছিল। খড়ের গাদা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা যায়। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোয়ালঘরে। প্রতিবেশী সহ বাড়ির মালিকের নজরে আসতেই আগুন নেভানোর তোড়জোড় শুরু হয়। প্রতিবেশীরা গোয়াল ঘর থেকে গরু গুলিকে বের করে বাইরে নিয়ে আসে। খবর দেওয়া হয় খোয়াই দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই গোয়ালঘরটি পুড়ে ছাই হয়ে যায়। দেখতে দেখতে আগুন বিশ্বজিৎ ঘোষের বসত করে চলে যায়। টিনের ছাউনি সহ সিলিং পুড়ে যায়। বহু চেষ্টা করে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লাগল তা নিয়ে সকলেই অন্ধকারে। বিশ্বজিৎ ঘোষ পেশায় একজন দুধ বিক্রেতা। পরিবারের একমাত্র উপার্জনকারী দুধ বিক্রি করে উপার্জিত অর্থ। গোয়াল ঘর থেকে গরু বার করার সময় গরু গুলি আহত হয় এবং কয়েকটি গরুর পা ভেঙ্গে যায়। পুড়ে ছাই হয়ে যায় খড়ের গাদা সহ গোয়াল ঘরটি। এই অগ্নিকান্ডের ঘটনায় বিশ্বজিৎ ঘোষের পরিবারটি এখন অসহায় পড়েছে।