আপডেট প্রতিনিধি, বক্সনগর, ২০ অক্টোবর ৷। মঙ্গলবার সকালেই বি এস এফ’র গুলিকান্ড ঘটে গেল বক্সনগরের রহিমপুর এলাকায়। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে ৭৪নং ব্যাটেলিয়নের আশাবাড়ি বিওপি’র জোয়ানদের নিকট খবর যায় রহিমপুর বাজারের জনৈক ব্যবসায়ী জসীম উদ্দিনের দোকানে অবৈধ ভাবে প্রচুর মালামাল মজুত রয়েছে। তাই সকাল ৮টায় আশাবাড়ি বিওপি কমান্ডেন্ট তার বিশাল বাহিনী নিয়ে পুরো বাজার চত্বর ঘেরাও করে ফেলে। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত জনতা ভিড় জমাতে থাকলে এবং বাজার কমিটি বা প্রশাসনের কোনো রকম অনুমতি ছাড়া বি এস এফ’র তল্লাশিতে জনগণ বাঁধা দিতে গেলে বি এস এফ’র জনৈক জোয়ান শূন্যে চার রাউন্ড গুলি ছুড়ে। এতে উপস্থিত লোকজনের অনেকটা ছত্র ভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে তল্লাশিতে তেমন ভাবে কিছু না পেলেও বাচ্চাদের খাওয়ার লেকটোজেন পাওয়া যায় এবং সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো হবে বলে জানা গেছে।এদিকে বি এস এফ’র গুলি কান্ডের ঘটনায় নিন্দায় সরব হয়েছেন বাজারের ক্রেতা বিক্রেতাগণ। তাদের বক্তব্য, তল্লাশিতে কোনো ধরনের অবৈধ মালামাল উদ্ধার করা হয়নি। যদিও বি এস এফ’র এমন গুলি কান্ডের ঘটনার খবর স্থানীয় কলমচৌড়া থানা প্রশাসনে জানানো হলেও থানা প্রশাসন সেই ঘটনাস্থলে যায় নি এবং ঘটনার কোনো রকম পর্যবেক্ষণ করেনি বলে অভিযোগ।
