আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট || ভারত জোড়ো আন্দোলনের পদযাত্রা করতে গিয়ে আক্রান্ত হয় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ ১১ জন কংগ্রেস কর্মী সমর্থক। ঘটনা মজলিশপুর বিধানসভা কেন্দ্রের রাণীর বাজারে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তারা। এর মধ্যে রয়েছেন মহিলাও। এই ঘটনার পরই উত্তেজিত হয়ে পরে গোটা এলাকা। এরপরই গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ, টি এস আর সহ আধা সামরিক বাহিনী।
জানা যায়, রানীবাজার থেকে জিরানিয়া ব্লক চৌমুহনি পর্যন্ত কংগ্রেসের পদযাত্রা সংগঠিত করা কথা ছিল। কিন্তু পদযাত্রা শুরু হওয়ার আগে পুলিশ বাধা দেয়। তাতে ক্ষুব্ধ হয়ে পড়ে কংগ্রেস কর্মী সমর্থকরা। কংগ্রেস কর্মী সমর্থকরা সাথে সাথে জাতীয় সড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদে শুরু করে। অবশেষে কংগ্রেস কর্মী সমর্থকদের রাস্তা থেকে তুলে আগরতলা পুলিশ লাইনের উদ্দেশ্য নিয়ে আসার সময় বিধায়ক সুদীপ রায় বর্মনের উপর অতর্কিত হামলা চালায় দুস্কৃতিকারীরা। চারদিক থেকে শুরু হয় ইট বৃষ্টি। ভাঙচুর করা হয় সুদীপ রায় বর্মনের গাড়ি। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুঁটে যান কংগ্রেসের প্রাক্তন সভাপতি গোপাল রায়, প্রাক্তন বিধায়ক আশিষ কুমার সাহা, সিপিআই(এম)’র প্রাক্তন মন্ত্রী পবিত্র কর। তারা সকলেই সুদীপ রায় বর্মণের শারিরীক অবস্থার খোঁজ খবর নেন।
