আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে সাব্রুমে সচেতনতামূলক কর্মশালা ও শপথ গ্রহণ অনুষ্ঠান

বলরাম দেবনাথ, সাব্রুম, ১৩ অক্টোবর || আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে সাব্রুম টাউন হলে আয়োজন করা হয় এক সচেতনতামূলক কর্মশালা ও শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস, আগাম প্রস্তুতি এবং দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাব্রুমের মহকুমা শাসক সুমন রক্ষিত। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন দক্ষিণ ত্রিপুরা জেলার বিপর্যয় মোকাবিলা টিমের প্রোগ্রাম আধিকারিক জীবন কান্তি সরকার।
কর্মশালায় প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন দক্ষিণ ত্রিপুরা জেলার নোডাল অফিসার বিনয় দাস, সাব্রুমের এট নোডাল অফিসার তথা ডিসিএম জয় শঙ্কর দাস, মহকুমা শাসক সুমন রক্ষিত এবং দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা শাসক মহম্মদ সাজ্জাদ পি।
আলোচনায় বক্তারা দুর্যোগের আগাম পূর্বাভাস সম্পর্কে সচেতন থাকা, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, দুর্যোগের সময় সতর্কতা অবলম্বন এবং পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক তৎপরতার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
অন্যদিকে, আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে গত ১১ অক্টোবর থেকে আয়োজিত বসে আঁকো ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। ছাত্রছাত্রীদের মধ্যে দুর্যোগ মোকাবিলা, নিরাপত্তা এবং ঝুঁকি হ্রাস সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বাড়িয়ে তুলতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং সম্মিলিতভাবে বিপর্যয়ের ঝুঁকি কমানোর বার্তা তুলে ধরা হয়। সাব্রুমে আয়োজিত এই কর্মশালা, শপথ গ্রহণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*