আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট || ভারতের ৭৫’তম স্বাধীনতা দিবস উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে ‘হর ঘর তিরঙ্গা’ এর মাধ্যমে দেশের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সফল ভাবে সম্পন্ন করার জন্য রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরকে নোডাল দপ্তর হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মহাকরণে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তিনি বলেন, রাজ্যের প্রতিটি বাড়ির পাশাপাশি প্রতিটি সরকারি অফিসে যেন জাতীয় পাতাকা উত্তোলন করা হয় তার জন্য নিয়মের কিছু পরিবর্তন করা হয়েছে। আগে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হত। আর সন্ধ্যা বেলা জাতীয় পতাকা নামানো হতো। বর্তমানে নিয়মের পরিবর্তন করে বলা হয়েছে বাড়ি ঘরে ১৩ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং ১৫ই আগস্ট বিকালে জাতীয় পতাকা নামানো হবে। অফিস আদালতে ১৩ই আগস্ট থেকে ১৫ই আগস্ট প্রতিদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং বিকালে জাতীয় পাতাকা নামানো হবে। হর ঘর তিরঙ্গা কর্মসূচী উদযাপন উপলক্ষ্যে ১২ই আগস্ট বিকাল ৩ টায় রাজধানীর সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদ দেশ থেকে এক পদ যাত্রা অনুষ্ঠিত হবে বে জানান তথ্যমন্ত্রী। এই পদ যাত্রায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রীসভার সকল সদস্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ প্রশাসনিক আধিকারিকরা অংশগ্রহণ করবেন।
এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকল।সাংবাদিকদের হাতে জাতীয় পতাকা তুলে দেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব অভিষেক চন্দ ও দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস।
