আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী || রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে খোয়াই জেলার কল্যাণপুরে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। মন্ত্রী সুধাংশু দাস, স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরা তপশিলি জাতি উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান পিনাকী দাস চৌধুরী, ব্লক চেয়ারম্যান সোমেন গোপ, বিএসি চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা প্রমূখরা মঙ্গলবার সম্মিলিত ভাবে কল্যাণপুরে নতুনভাবে গড়ে ওঠা আধুনিক মানের প্রাণী চিকিৎসালয়ের উদ্বোধন পর্বের সাক্ষী থাকেন।
উদ্বোধক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস নিজের আলোচনায় অংশগ্রহণ করে প্রথমেই আশা প্রকাশ করেছেন, এই প্রাণী চিকিৎসালয়ের মধ্য দিয়ে গোটা কল্যাণপুর এবং সন্নিহিত এলাকার প্রাণী পালকদের নানা রকমের সুযোগ সুবিধে হবে। মন্ত্রী দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সম্মিলিতভাবে কৃষক থেকে শুরু করে প্রাণী পালক সহ সমস্ত অংশের সাধারণ মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়ন সহ পরিকাঠামো গত উন্নয়নের জন্য বিশেষ সহায়ক ভূমিকা পালন করে চলেছে। বিশেষ করে এই সময়ের মধ্যে সরকার সহ সহায়ক গ্রুপের স্বশক্তি করনের মধ্য দিয়ে মহিলাদের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়ন সহ গোটা সমাজের অর্থনৈতিক বিকাশের জন্য একের পর এক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে চলেছেন বলে কল্যাণপুরে দাঁড়িয়ে দাবি করলেন মন্ত্রী সুধাংশু দাস।
এই অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক পিনাকী দাস চৌধুরী দাবি করেছেন, শুধুমাত্র এই প্রাণী পালন কেন্দ্রের উদ্বোধনই নয় এই সময়ের মধ্যে গোটা কল্যাণপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে মানুষের দাবির প্রতি সহমত পোষণ করে সরকার একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। শ্রীধর চৌধুরী আক্ষেপ প্রকাশ করেন দীর্ঘ দিন এ রাজ্যে বামেরা ক্ষমতায় থাকলেও গোটা রাজ্যের মত করে কল্যাণপুরের উন্নয়নের ব্যাপারে অনেকটাই উদাসীন ছিলেন কথিত জনদরদীরা। পাশাপাশি শ্রীদাস চৌধুরী আশা প্রকাশ করেন বরাবরের মতোই আগামী দিনেও ডাবল ইঞ্জিন সরকারের বদান্যতায় কল্যাণপুরের উন্নয়নমূলক কর্মযজ্ঞ অব্যাহত থাকবে।
কল্যাণপুরের আধুনিক মানের নতুন কলেবরে গড়ে ওঠা প্রাণী চিকিৎসালয়ের উদ্বোধন পর্বের সাক্ষী থাকতে এলাকার বিভিন্ন অংশের সাধারণ মানুষের উপচে পড়া উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ততা পরিলক্ষিত হয়।
