আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ || শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে, বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো তৈরিতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে আগরতলা পুর নিগম। শনিবার আগরতলা পুর নিগমের ১৭নং ওয়ার্ড অন্তর্গত বিভিন্ন রাস্তা, ড্রেন পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন প্রথমে তিনি রাজধানীর বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে নির্মীয়মান জলের ট্যাংকের কাজের অগ্রগতি খাতিয়ে দেখেন। এই ট্যাংক এর কাজ সম্পন্ন হলে উপকৃত হবে আগরতলা পুর নিগমের ১৭ ,১৮ ,১৯ নং ওয়ার্ডের জনগণ।
পরবর্তীতে নির্মীয়মান একটি বহুতল ফ্ল্যাটের অবৈধ নির্মাণ স্থগিত করার জন্য অফিসারদের নির্দেশ দিয়েছেন। তারপর সৎসঙ্গ আশ্রমের কাছাকাছি কিছু ভেঙ্গে পড়া ড্রেন যার সংস্কারের প্রয়োজন আছে সেগুলোও ঘুরে দেখেন।
এদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান, পরিদর্শনকালে চোখে পড়ে একটি বহুতল ফ্ল্যাট অবৈধ নির্মাণ করা হচ্ছে, তাই আগরতলা পুর নিগমের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয় বহুতল বাড়ির কাজ স্থগিত রাখার জন্য। তিনি জানান, যদি পুর নিগমের আইন না মেনে বহুতল নির্মাণ না করে তবে ভেঙ্গেও দেয়া হতে পারে।
এদিন এই পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর শিখা ব্যানার্জি, আগরতলা পুর নিগমের বিভিন্ন আধিকারিকগণ সহ ১৭নং ওয়ার্ডের বিভিন্ন নাগরিকরা।
