গোপাল সিং, খোয়াই, ২৭ জুলাই || রবিবার সকালে খোয়াই জেলার ২৬-আশারামবাড়ি মন্ডলের ৩০নং বুথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২৪’তম “মন কি বাত” অনুষ্ঠান চলাকালীন সময়ে এক রক্তক্ষয়ী রাজনৈতিক হামলার ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা যায়, বিজেপি আয়োজিত শ্রবণ সভায় আচমকাই একদল দুষ্কৃতী মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় বিজেপির মন্ডল সভাপতি সহ একাধিক কার্যকর্তা গুরুতরভাবে আহত হন।
বিজেপি’র তরফে সরাসরি তিপ্রা মথা দলের ওপর হামলার দায় চাপানো হয়েছে। দলের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে সংগঠিত এই হামলার পেছনে তিপ্রা মথার হাত রয়েছে। দুষ্কৃতীরা শুধু শারীরিক আক্রমণেই থেমে থাকেনি, তারা কয়েকটি গাড়ি ও মোটরবাইকও ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা এবং অন্যান্য নেতৃত্ব। তাঁরা আহতদের খোঁজখবর নেন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের নাম – জিন্টুস দেববর্মা, প্রবেন দেববর্মা ও সোমেন্দ্র দেববর্মা।
বিজেপি খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। অবিলম্বে হামলার সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়েছে।
বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি পিনাকী দাস চৌধুরী এই ঘটনাকে “বর্বরোচিত ও নেক্কারজনক” বলে উল্লেখ করে বলেন, “গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করার চক্রান্ত চলছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়া উচিত।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে রাজনৈতিক উত্তেজনা তীব্রতর হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
