স্বাস্থ্য ব্যবস্থা ও স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে সিপিআই’র বিক্ষোভ

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই || রবিবার সিপিআই-এর ডাকে নির্বাচন কমিশনের বিশেষ সার্বিক সংশোধনী (SIR) প্রক্রিয়া, রাজ্যের ভগ্নস্বাস্থ্য পরিকাঠামো এবং স্মার্ট ও প্রি-পেইড মিটার বসানোর বিরুদ্ধে আগরতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে সিপিআই কর্মী-সমর্থকরা একত্রিত হয়ে বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে সিপিআই-এর রাজ্য সম্পাদক জিয়ার মিলন বৈদ্য কটাক্ষ করে বলেন, “নির্বাচন কমিশন আজ বিজেপি’র এজেন্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিহারে SIR-এর নামে বৈধ ভোটারদের নাম কেবলমাত্র কাগজপত্রের অজুহাত দেখিয়ে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। বিশেষ করে গরিব, কৃষক ও পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যা একেবারে অসাংবিধানিক।”
তিনি আরও জানান, এই SIR প্রক্রিয়া দেশজুড়ে চালু করার যে পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন, তা গণতন্ত্রের পক্ষে গভীর উদ্বেগজনক। এই প্রক্রিয়া অবিলম্বে বাতিলের দাবি জানায় সিপিআই।
স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অবস্থা দিন দিন শোচনীয় হয়ে উঠছে। হাসপাতালে রোগীরা যেমন চিকিৎসা পাচ্ছেন না, তেমনি প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন।”
অপর দিকে তিনি বিদ্যুৎ দপ্তরের জনবিরোধী সিদ্ধান্তের কড়া সমালোচনা করে বলেন, “স্মার্ট ও প্রি-পেইড মিটার বসিয়ে সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়া তৎক্ষণাৎ বন্ধ করা উচিত।”
বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিনিধিদল রাজ্য নির্বাচন দপ্তরে স্মারকলিপি পেশ করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*