আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই || রবিবার যথাযোগ্য মর্যাদা এবং শ্রদ্ধার সাথে দেশের নারী মুক্তি আন্দোলন ও কমিউনিস্ট আন্দোলনের অগ্রণী নেত্রী কল্পনা দত্ত যোশির ১১২’তম জন্মবার্ষিকী পালন করা হয়। আগরতলার জুনু দাস ভবনে সিপিআই রাজ্য দপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের জাতীয় মহিলা ফেডারেশন (NFIW)।
অনুষ্ঠানের শুরুতেই কল্পনা দত্ত যোশির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই-এর রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, এনএফআইডব্লিউ-র রাজ্য সভানেত্রী তুলসী দাস কপালি, রাজ্য সম্পাদিকা জয়া বিশ্বাস, সিপিআই-এর সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত দেবনাথ ও সুস্মিতা নন্দী, AISF নেতা শুভদীপ মজুমদার, AIYF নেতা রাকেশ দাস, সিপিআই নেতা সুকান্ত বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই দিনটি উপলক্ষে বক্তারা কল্পনা দত্ত যোশির বিপ্লবী জীবন, ব্রিটিশবিরোধী সংগ্রামে তাঁর সাহসী ভূমিকা এবং পরবর্তীতে নারীমুক্তি ও সমাজবাদী আন্দোলনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। উপস্থিত নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে কল্পনা দত্ত যোশির আদর্শকে সামনে রেখে লড়াই জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সিপিআই ও এনএফআইডব্লিউ-র কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
