গোপাল সিং, খোয়াই, ২৮ জুলাই || নারী, শিশু, তৃতীয় লিঙ্গের ব্যক্তি, প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম (দিব্যাঙ্গজন) ব্যক্তিদের আইনি অধিকার ও সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ খোয়াই নতুন টাউন হলে এক গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করা হয়। সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সোমবার দুপুর ১২টায় শুরু হওয়া এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াইয়ের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জেলাশাসক ও সমাহর্তা রজত পন্থ, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথশর্মা, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহরায় এবং বিশিষ্ট সমাজসেবী সমীর দাস সহ অন্যান্য সরকারি আধিকারিকগণ। বক্তারা তাঁদের ভাষণে বলেন, সমাজের সর্বস্তরের মানুষ যাতে সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা সম্পর্কে জানতে পারেন এবং যথাযথভাবে উপকৃত হতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। জেলাশাসক শ্রী রজত পন্থ তাঁর বক্তব্যে সমস্ত অংশীদারদের এই প্রকল্পগুলির কার্যকর রূপায়ণ নিশ্চিত করার জন্য উৎসাহিত করেন, যাতে সমাজের প্রতিটি স্তরে সামগ্রিক উন্নয়ন পৌঁছানো যায়। এই কর্মসূচির মাধ্যমে নারী ক্ষমতায়ন, শিশু কল্যাণ, প্রবীণ নাগরিকদের সুরক্ষা, দিব্যাঙ্গজন ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অধিকার সুরক্ষিত করার উপর জোর দেওয়া হয়।
