সুব্রত দাস, গন্ডাছড়া, ৩০ জুলাই || ধলাই জেলার সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সংবাদ পরিবেশ নিশ্চিত করতে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন ত্রিপুরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল এবং জেলার শীর্ষ প্রশাসনিক কর্তারা। দুপুরে এই প্রতিনিধি দলটি ধলাই জেলার পুলিশ সুপার মিহিরলাল দাস এবং জেলাশাসক বিবেক এইচ.ভি.-এর সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতের মূল উদ্দেশ্য ছিল সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা বজায় রাখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা। সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় যে, পেশাগত দায়িত্ব পালনের সময় তাঁদের একাধিকবার বাধা, হুমকি এমনকি হামলার মুখোমুখি হতে হয়েছে। এ ধরনের ঘটনা শুধু সাংবাদিকদের নিরাপত্তার প্রশ্নই নয়, গণতান্ত্রিক ব্যবস্থায় তথ্যের অবাধ প্রবাহের ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ সৃষ্টি করে বলে তাঁরা মত প্রকাশ করেন।
পুলিশ সুপার এবং জেলাশাসক সাংবাদিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তাঁদের এই আশ্বাসে সাংবাদিক মহলে স্বস্তির সুর ছড়িয়ে পড়ে।
এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার রাজ্য সহ-সভাপতি সুব্রত দাস, মুখ্য পত্র ধনুডার চাকমা, সদস্য রাজীব সরকার এবং ধলাই জেলার পক্ষ থেকে উদয় দেববর্মা ও সুব্রজিত মজুমদার। তাঁদের এই প্রচেষ্টা ধলাই জেলায় একটি নিরাপদ, সহযোগিতাপূর্ণ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
