সুব্রত দাস, গন্ডাছড়া, ৩০ জুলাই || ইউকো ব্যাংকের ম্যানেজার জয়দেব মজুমদারের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার ও রাইমাভ্যেলী ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরার প্রতি অশালীন আচরণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল গন্ডাছড়া। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে গন্ডাছড়া ইউকো ব্যাংকের সামনে বিক্ষোভে সামিল হয় ব্লক যুব কংগ্রেস।
বিক্ষোভকারীরা ব্যাংক ম্যানেজার জয়দেব মজুমদারের অপসারণ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সোচ্চার হন। শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচির পর তারা গন্ডাছড়া মহকুমা পুলিশের কাছে একটি স্মারকলিপিও জমা দেন।
যুব কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে, অভিযুক্ত ব্যাংক ম্যানেজার দীর্ঘদিন ধরে গ্রাহকদের সঙ্গে খারাপ ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরার সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠে।
এই ঘটনার প্রতিবাদে যুব কংগ্রেসের কর্মীরা সংগঠিত হয়ে ব্যাংক চত্বরে জমায়েত হন এবং ব্যানার হাতে নিয়ে প্রতিবাদে সরব হন। ব্যাংক ম্যানেজার সেদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায়, বিক্ষোভকারীরা পুলিশ প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ তুলে ধরেন। পুলিশ স্মারকলিপি গ্রহণ করে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে।
এই ঘটনার জেরে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এবং ব্যাংক পরিষেবাও কিছুটা ব্যাহত হয় বলে জানা গেছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাইমাভ্যেলী ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার, ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, যুব কংগ্রেস নেতা রাজীব চাকমা, কংগ্রেসের কার্যকরী সভাপতি মানিক সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
