বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ জুলাই || সাব্রুম মহকুমার কলাছড়া এলাকায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতরা হলেন কলাছড়া এলাকার বাসিন্দা আশিষ দাস (৩১) ও তাঁর সহধর্মিণী প্রমিলা ত্রিপুরা (২৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশিষ দাস প্রায় ৭ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আগরতলায় বসবাস করছিলেন। সম্প্রতি তিনি স্ত্রী প্রমিলা ত্রিপুরাকে নিয়ে পিত্রালয়ে ফিরে আসেন। প্রায় ১৫ দিন আগে আশিষ ও প্রমিলার বিবাহ সামাজিকভাবে সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন পরিবারের সদস্যরা।
অভিযোগ, মঙ্গলবার রাতে আশিষের বাড়িতে প্রমিলা ত্রিপুরার পরিবারের কিছু সদস্য উপস্থিত হয়ে দম্পতিকে শারীরিকভাবে নিগ্রহ করে। এরপর আশিষ ও তাঁর স্ত্রী ঘরের দরজা বন্ধ করে দেন। কিছু সময় পরেই তাঁরা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর মৃত আশিষ দাসের পরিবারের পক্ষ থেকে প্রমিলা ত্রিপুরার আত্মীয়দের বিরুদ্ধে দম্পতিকে মারধর ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে দায়ী করেন। আশিষের মা সংবাদমাধ্যমের সামনে ঘটনার পূর্ণ বিবরণ তুলে ধরে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ইতিমধ্যে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের পরেই প্রকৃত মৃত্যুর কারণ স্পষ্ট হবে। মৃতদেহ দুটি পরবর্তীতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
