স্মার্ট মিটার ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে খোয়াইয়ে সিপিআই(এম)’র গণঅবস্থান, নেতৃত্বে মানিক দে

গোপাল সিং, খোয়াই, ৩০ জুলাই || বিদ্যুৎ, সিএনজি, পানীয় জল সহ একাধিক নিত্যপ্রয়োজনীয় পরিষেবার মূল্যবৃদ্ধি এবং জনগণের আপত্তি অগ্রাহ্য করে স্মার্ট মিটার বসানোর প্রতিবাদে সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে খোয়াইয়েও গণঅবস্থান কর্মসূচি পালন করল সিপিআই(এম)। বুধবার শহরের ব্যস্ততম সুভাষ পার্ক বাজারে এই কর্মসূচিতে দলের কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই গণঅবস্থান মঞ্চে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে, খোয়াই জেলা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা এবং বিধায়ক নির্মল বিশ্বাস। বক্তারা তাদের ভাষণে স্মার্ট মিটার প্রকল্পকে ‘জনবিরোধী’ এবং ‘কর্পোরেট স্বার্থে’ আনা হয়েছে বলে অভিযোগ করেন। তাঁরা বলেন, বিদ্যুৎ, সিএনজি, পিএনজি, পানীয় জল ও গোমতী দুধের মতো অত্যাবশ্যকীয় পরিষেবার লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাঁরা অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার এবং স্মার্ট মিটার প্রকল্প বাতিল করার জোর দাবি জানান। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন আগামী দিনেও চলবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*