বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ জুলাই || দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত দেবীপুর এডিসি ভিলেজে অজানা একটি ডিভাইস উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার রাত্রি থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, দেবীপুর এডিসি ভিলেজের গঙ্গারায় পাড়া রাঙ্গাছড়া এলাকায় আকাশ থেকে একটি বেলুনের সঙ্গে সংযুক্ত অজানা একটি ডিভাইস মাটিতে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, ডিভাইসটিতে আলো জ্বলছিল, যা দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।
এ বিষয়ে শান্তিরবাজার থানায় খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলুনসহ ডিভাইসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরদিন বুধবার, এই প্রসঙ্গে শান্তিরবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু দত্ত সাংবাদিকদের জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে ডিভাইসটি মালয়েশিয়ায় তৈরি। ডিভাইসটির গায়ে মালয়েশিয়ার নাম উল্লেখ রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি আবহাওয়ার তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে।
তবে এটি কোথা থেকে উড়ানো হয়েছে বা কী উদ্দেশ্যে পাঠানো হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ওসি আরও জানান, ডিভাইসটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলেই প্রকৃত তথ্য জানা সম্ভব হবে।
ঘটনাকে ঘিরে এলাকায় এখনো কৌতূহল ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।
