জোলাইবাড়ীতে কৃষি দপ্তরের উদ্যোগে ধানের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ৩০ জুলাই || রাজ্য সরকারের লক্ষ্য অনুযায়ী কৃষকদের আয় দ্বিগুণ করার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ গ্রহণ করছে কৃষি দপ্তর। সেই লক্ষ্যপূরণে সক্রিয় ভূমিকা পালন করছে জোলাইবাড়ী কৃষি দপ্তর। এরই অঙ্গ হিসেবে বুধবার দেবদারু সেক্টর এলাকায় ধানের চারা রোপণের একটি প্রশিক্ষণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।
জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীদাম দাসের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে ধানের চারা রোপণের প্রক্রিয়া প্রদর্শন করা হয়। আর.কে.ভি.ওয়াই. প্রকল্পের অধীনে আয়োজিত এই কর্মসূচিতে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়, যাতে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক উন্নয়ন সম্ভব হয়।
এই দিন কৃষকদের জমিতে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, ব্লকের বি.এস.সি. চেয়ারম্যান অশোক মগ, পঞ্চায়েত সমিতির সদস্য সুজিত দত্ত, শান্তিরবাজার পুরপরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা এবং এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট জয়দেব দত্ত।
জোলাইবাড়ী এলাকার বেশিরভাগ মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল। এই সময় ধানচাষ মৌসুম হওয়ায় উন্নতমানের ধানের চারা রোপণের মাধ্যমে ফলনের পরিমাণ বাড়িয়ে কৃষকদের আয়ের উন্নতি ঘটানো সম্ভব বলে জানান কৃষি দপ্তরের কর্মকর্তারা। এলাকার বাসিন্দারা আজকের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং কৃষকদের পাশে থেকে সহায়তা করায় জোলাইবাড়ী কৃষি দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জোলাইবাড়ী কৃষি দপ্তরের এই প্রচেষ্টা নিঃসন্দেহে রাজ্য সরকারের কৃষি উন্নয়ন নীতিকে বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে এলাকাবাসী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*