গোপাল সিং, খোয়াই, ০৩ আগস্ট || ত্রিপুরার সমৃদ্ধ সাংস্কৃতিক ধারাকে আরও প্রাঞ্জল ও গতিময় করতে খোয়াই জেলায় পথচলা শুরু করল ত্রিপুরা সাংস্কৃতিক সংগঠন। এই উপলক্ষে সম্প্রতি বিজেপি-র খোয়াই জেলা কার্যালয়ের সভা কক্ষে ২৫-খোয়াই বিধানসভা কেন্দ্রের শিল্পীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্পের মনন ও বিকাশের লক্ষ্যে আয়োজিত এই সভায় জেলার সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা একত্রিত হন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আয়োজিত এই আলোচনা সভায় মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় এবং খোয়াই পৌর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা। তাঁদের পাশাপাশি মঞ্চ অলংকৃত করেন বিশিষ্ট সমাজসেবীগণ যথাক্রমে বিনয় দেববর্মা, সমীর কুমার দাস, অনুকূল দাস, শ্রী রঞ্জন দাস, অনিমেষ নাগ এবং চিরঞ্জীব দাস সহ অন্যান্যরা। সভায় বক্তারা খোয়াইয়ের সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রেখে তাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। নবগঠিত এই সংগঠনের মাধ্যমে স্থানীয় শিল্পীদের ঐক্যবদ্ধ করে তাঁদের প্রতিভা বিকাশের জন্য একটি উপযুক্ত মঞ্চ তৈরি করা এবং রাজ্যের সাংস্কৃতিক মানচিত্রে খোয়াইকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই মূল লক্ষ্য বলে আলোচনায় উঠে আসে।
শ্রীমতী অপর্ণা সিংহ রায় তাঁর বক্তব্যে বলেন, সংস্কৃতিই সমাজের দর্পণ। এই সংগঠন খোয়াইয়ের শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে এক নতুন মেলবন্ধন তৈরি করবে বলে তিনি আশাপ্রকাশ করেন। উপস্থিত শিল্পীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সংগঠনের আগামী দিনের কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
