ড. শ্যামা প্রসাদ মুখার্জির আদর্শেই ‘বিকশিত ভারত’ গঠনের আহ্বান মুখ্যমন্ত্রীর

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন || জনসংঘের প্রতিষ্ঠাতা, দেশপ্রেমিক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. শ্যামা প্রসাদ মুখার্জির বলিদান দিবস উপলক্ষে মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শনিষ্ঠ পরিবার। ড. শ্যামা প্রসাদ মুখার্জি ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নীতি ও ভাবধারাকে সামনে রেখেই মানুষের কল্যাণে কাজ করে চলেছে দল। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র ও রাজ্য সরকার সমাজের অন্তিম স্তরে থাকা মানুষের উন্নয়ন ও সার্বিক কল্যাণে কাজ করছে।
মুখ্যমন্ত্রী ড. মুখার্জির শিক্ষাগত ও রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে বলেন, মাত্র ৩৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েও তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন এবং দেশের জন্য আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ডাঃ সাহা আরও বলেন, “প্রথমে দেশ, তারপর দল এবং শেষে ব্যক্তি”— এই আদর্শই ড. শ্যামা প্রসাদ মুখার্জির শিক্ষা। বিকশিত ভারত ২০৪৭-এর লক্ষ্য পূরণে ত্রিপুরাও সেই ভাবনা নিয়ে এগিয়ে চলছে। তিনি দাবি করেন, ৩৭০ ধারা বিলোপের পর জম্মু ও কাশ্মীরে শান্তি ও উন্নয়নের নতুন পরিবেশ তৈরি হয়েছে, যা ড. মুখার্জির স্বপ্নপূরণের দিশা দেখিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, সাংসদ সম্বিত পাত্র, সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, প্রভারী ড. রাজদীপ রায়, রাজ্য মন্ত্রিসভার সদস্য, জনপ্রতিনিধি এবং দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*