কঠিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় অনলাইন রিপোর্টিং নিয়ে প্রশিক্ষণ, টিএসপিসিবি-র উদ্যোগে নগর স্থানীয় সংস্থার আধিকারিকদের মতবিনিময় সভা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২২ জুন || কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং অনলাইন রিপোর্টিং ব্যবস্থাকে আরও কার্যকর ও সুসংহত করতে আগরতলায় এক প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করল ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (TSPCB)। কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন নগর স্থানীয় সংস্থার প্রায় ৩০ জন প্রযুক্তিগত আধিকারিক অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য-সচিব ডঃ বিশু কর্মকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্ষদের নির্বাহী কর্মকর্তা মানস মুখার্জী এবং সহকারী পরিবেশ প্রকৌশলী স্মৃতি অপরাজিতা দাস।
প্রশিক্ষণ কর্মসূচিতে Solid Waste Management Rules এবং Plastic Waste Management Rules-এর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি নগর স্থানীয় সংস্থাগুলিকে অনলাইন পোর্টালের মাধ্যমে নিয়মিতভাবে প্রয়োজনীয় তথ্য ও বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
আলোচনায় বিশেষভাবে তুলে ধরা হয়, বর্জ্যের উৎসস্থলেই পৃথকীকরণ, সেগ্রিগেশন, দক্ষ পরিবহন ব্যবস্থা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য নিষ্পত্তি পরিবেশ সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি। এছাড়া Extended Producer Responsibility (EPR) পোর্টালের মাধ্যমে বার্ষিক প্রতিবেদন দাখিল এবং বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা যথাযথভাবে অনুসরণের প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়।
ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্মকর্তারা অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার নীতি, তথ্য ব্যবস্থাপনা কৌশল এবং রিপোর্টিং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন। পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*