আপডেট প্রতিনিধি, কমলপুর, ০৩ আগস্ট || ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার কমলপুরের নবনির্মিত কামালপুর গার্লস স্কুল ক্রিকেট মাঠ-এর শুভ উদ্বোধন সম্পন্ন হলো এক গৌরবময় অনুষ্ঠানের মাধ্যমে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরেই এই ক্রীড়াঙ্গনের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক মনোজ কান্তি দেব, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পদাধিকারী, ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং এলাকার বহু গুণীজন।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। এরপর অনুষ্ঠিত হয় একটি রোমাঞ্চকর প্রীতি ক্রিকেট ম্যাচ—ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশ বনাম বেঙ্গল টাইগার্স। দুই দলের চমৎকার পারফরম্যান্সে ভরা এই ম্যাচ উপভোগ করেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে আমন্ত্রিত অতিথিরা সকলেই।
এই নবনির্মিত ক্রিকেট মাঠ কেবল কমলপুর বা ধলাই জেলার জন্যই নয়, গোটা রাজ্যের ক্রীড়াক্ষেত্রের বিকাশে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তাঁর বক্তব্যে বলেন, “ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন একযোগে কাজ করছে রাজ্যের ক্রীড়া পরিকাঠামোকে মজবুত করতে। প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের উপযুক্ত সুযোগ ও পরিকাঠামো প্রদানের লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন রাজ্যের তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, তেমনই ত্রিপুরাকে জাতীয় স্তরে ক্রীড়াক্ষেত্রে আরও সুসংহতভাবে উপস্থাপন করার পথ প্রশস্ত হবে।
