আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর || রাজধানী আগরতলার জয়নগর ও জয়পুরের মাঝামাঝি অঞ্চল থেকে রবিবার এক ড্রাগ পাচারকারীকে আটক করতে সক্ষম হলো পশ্চিম আগরতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই বটতলা এলাকায় বিভিন্ন বেশে ঘুরে বেড়িয়ে ড্রাগ বিক্রির মত অপরাধমূলক কার্যকলাপ চালাতো।
গোপন সূত্রে খবর পেয়ে এইদিন পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণে নেশা জাতীয় দ্রব্য সহ একটি স্কুটি আটক করা হয়েছে। পুলিশ ধারণা করছে, স্কুটিটিকে ব্যবহার করে সে বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো।
ঘটনা সম্পর্কে মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানান, “দীর্ঘদিনের নজরদারির ফলেই আমরা আজ এই পাচারকারীকে ধরতে পেরেছি। মাদক বিরোধী অভিযানে পুলিশের উদ্যোগ আগামীতেও আরও জোরদার করা হবে।”
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বৃহত্তর মাদক চক্রের দিকেও তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
