আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর || শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ রক্ষার দাবিতে সোমবার আগরতলা প্রেস ক্লাবে ছাত্র সমাবেশের আয়োজন করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)। সংগঠনের ৭২’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এই কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।
এদিন সিটি সেন্টারের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। মিছিলে শিক্ষাক্ষেত্রে অব্যবস্থা, বেসরকারিকরণ ও শিক্ষা ব্যবস্থার অবক্ষয়ের বিরুদ্ধে স্লোগান ওঠে।
সমাবেশ শেষে এআইডিএসও-র এক প্রতিনিধি দল সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার দাবিতে শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার উদ্দেশ্যে ১০ হাজার গণস্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি প্রদান করে। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, অবিলম্বে শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার এনে শিক্ষার সর্বজনীন অধিকার সুনিশ্চিত করতে হবে।
