নবারুণ চক্রবর্তী, সাব্রুম, ২৮ জানুয়ারি || সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব-১৫ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বুধবার অনুষ্ঠিত হয়। ফাইনালে সোনাই নেতাজি বিদ্যামন্দির প্লে সেন্টার ও সাব্রুম কোচিং সেন্টারের মধ্যে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে ৬ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সোনাই নেতাজি বিদ্যামন্দির প্লে সেন্টার।
প্রথমে ব্যাট করতে নেমে সোনাই নেতাজি বিদ্যামন্দির প্লে সেন্টার নির্ধারিত ওভারে ১৪০ রান সংগ্রহ করে ইনিংস শেষ করে। দলের পক্ষে নয়ন দাস সর্বোচ্চ ৩৭ রান করেন। এছাড়াও প্রিয়াংশু দাস ২০ রান এবং রাজ মগ ১৮ রান যোগ করেন। সাব্রুম কোচিং সেন্টারের বোলার শুভ্রজ্যোতি শীল শর্মা ১৫ রানের বিনিময়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট দখল করেন।
১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাব্রুম কোচিং সেন্টার ১৩৪ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে। দলের পক্ষে শুভ্রজিৎ দাস ৪০ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেন। সোনাই নেতাজি বিদ্যামন্দির প্লে সেন্টারের বোলিং বিভাগে দীপ দেবনাথ ও সায়ন শীল ৩টি করে উইকেট লাভ করেন এবং রুদ্র দাস নেন ২টি উইকেট।
ম্যাচ শেষে এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয়গঞ্জ চৌধুরী এবং সভাপতি দেবাশিস মজুমদার। তাঁদের বক্তব্যে টুর্নামেন্টের সাফল্য ও নবীন খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যতের কথা তুলে ধরা হয়।
