নবারুন চক্রবর্তী, সাব্রুম, ২৯ জানুয়ারি || রাজ্যের সিংহভাগ সাংবাদিক বিনা পারিশ্রমিকে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন পুলিশের খবর, প্রশাসনিক কার্যকলাপ, সরকারি উন্নয়ন, দুর্নীতি, সামাজিক উত্থান-পতন ও দেশের সুরক্ষা সংক্রান্ত তথ্য জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। সেই নিরলস ও নীরব সংগ্রামী সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এক মানবিক উদ্যোগ নিলো সাব্রুম মহকুমা পুলিশ প্রশাসন। সড়ক সুরক্ষা মাসের অঙ্গ হিসেবে সাব্রুমে কর্মরত সাংবাদিকদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আইপিএস মরিয়া কৃষ্ণা সি, জেলা পুলিশ আধিকারিক আইপিএস বিশাল কুমার, মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার সহ সাব্রুমের বিভিন্ন থানার পুলিশ আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের সাব্রুম ও মোনুবাজার আইয়ামের কর্মীবৃন্দ এবং স্থানীয় একাধিক ক্লাবের প্রতিনিধিরা।
বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার মরিয়া কৃষ্ণা সি জানান, গত বছর দেশে প্রায় পাঁচ লক্ষ সড়ক দুর্ঘটনায় দেড় লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে। তবে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দক্ষিণ জেলায় সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর হার প্রায় ২০ শতাংশ কমেছে, যা আরও সচেতন হলে কমানো সম্ভব। আইপিএস বিশাল কুমার বলেন, “আমরা দামী মোবাইল বাঁচাতে মোবাইলের জন্য মোবাইল কভার বহুমূল্যে কিনে থাকি, অথচ নিজের মাথা রক্ষায় জন্য ৫০০-৭০০ টাকার মধ্যে হেলমেট পরি না ! এটা সত্যিই দুঃখজনক।” ১০-১৫ হাজার টাকার মোবাইলটাই আমাদের হৃদয়ের খুবই আপন তার জন্য মোবাইলে কাভার কিনতে পারি নিজের জীবনকে বাঁচানোর জন্য স্বল্প মূল্যের একটি হেলমেট কিনতে পারি না। এই কর্মসূচি সাংবাদিক মহলে প্রশংসিত হয়েছে।
