আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী || আমতলী থানার ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত ডুকলী বনকুমারি কালিবাড়ি সংস্থার কালীমন্দিরে চাঞ্চল্যকর চুরির ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার সকালে নিয়মিত পুজো দিতে এসে মন্দিরের পুরোহিত দেখতে পান, মন্দিরের প্রণামী বাক্স ভাঙা এবং মায়ের পরিহিত অলংকার সামগ্রী উধাও।
প্রাথমিকভাবে জানা যায়, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গভীর রাতে মন্দিরে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙে নগদ টাকা ও দেবীর অলংকার নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুরোহিত সঙ্গে সঙ্গে এলাকাবাসীকে জানান এবং বিষয়টি আমতলী থানায় অবহিত করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। এলাকাবাসীর অভিযোগ, থানার এত কাছাকাছি অবস্থান সত্ত্বেও মন্দিরে চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। দ্রুত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
