গোপাল সিং, খোয়াই, ২৬ সেপ্টেম্বর || সাধারণ মানুষের মাঝখানে কিংবা তাঁদের পেছনে থেকেই রাজনৈতিক কর্মসূচিতে নিজেকে উজার করে দেওয়াতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন রামচন্দ্রঘাটের বিধায়ক তথা তিপ্রাসা জনগণের নেতা রঞ্জিত দেববর্মা। এডিসি নির্বাচনের অভাবনীয় সাফল্যের পর আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনেও জনজাতি অংশের মানুষের কাছে তিপ্রামথা দলের অন্যতম জনপ্রিয় ও নির্ভরযোগ্য মুখ হিসেবে উঠে এসেছেন তিনি। রামচন্দ্রঘাট থেকে শুরু করে দক্ষিণ ত্রিপুরা—সমগ্র পাহাড়িয়া অঞ্চলে তাঁর সর্বজনগ্রাহ্য জনপ্রিয়তা আবারও প্রমানিত হলো শান্তিরবাজারের কলসী এলাকায়।
আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে আজ কলসী ভিলেজ এলাকায় এক বিশাল নির্বাচনী রেলি এবং বাজার সভার আয়োজন করা হয়। বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বাধীন এই কর্মসূচিতে সংলগ্ন এলাকা থেকে উপচে পড়া মানুষের ভিড় লক্ষ্য করা যায়। স্বতঃস্ফূর্ত জনস্রোতে মুহূর্তেই উৎসবের মেজাজ নেয় পুরো কলসী বাজার এলাকা।
এদিনের এই বর্ণাঢ্য মিছিলে ও জনসভায় যোগ দিয়ে স্থানীয় মানুষ তিপ্রামথা পার্টির প্রতি তাঁদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা জানান, জনগণের অধিকার রক্ষা এবং পাহাড়ের সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন সুনিশ্চিত করাই তিপ্রামথার মূল লক্ষ্য।
