মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মিছিল ও সভা শেষে কুশপুত্তলিকা দাহ

গোপাল সিং, খোয়াই, ২৭ সেপ্টেম্বর || বিতর্কিত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেফতারের দাবিতে খোয়াই শহরজুড়ে মিছিল, জনসভা ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করলো সিপিআই(এম) খোয়াই মহকুমা কমিটি। শনিবার সন্ধ্যায় সুভাষপার্ক অঞ্চল কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে নেতাজী মূর্তির পাদদেশে এক সভায় মিলিত হয়। সিপিআই(এম) নেতা কানন দত্তের সভাপতিত্বে সভায় জেলা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, মহকুমা সম্পাদক ও বিধায়ক নির্মল বিশ্বাস, রাজ্য কমিটির সদস্য পলাশ ভৌমিক এবং মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য মনোজ দাস বক্তব্য রাখেন। সিপিআই(এম) নেতারা অভিযোগ তোলেন, মোদী জমানায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নষ্ট হয়েছে এবং সংস্থাটি শাসকের অঙ্গ সংগঠনের মতো কাজ করে এসআইআর প্রক্রিয়ার নামে বৈধ ভোটারদের নাম বাদ দিচ্ছে। অন্য দুই নির্বাচন কমিশনারের আপত্তি সত্ত্বেও এসআইআর প্রয়োগের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার এবং কোটি কোটি মানুষের ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। জনসভা শেষে বিক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করেন, যা কেন্দ্র করে গোটা শহরজুড়ে চরম রাজনৈতিক উত্তেজনা ও প্রশাসনিক সতর্কতা তৈরি হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*