গোপাল সিং, খোয়াই, ২৭ সেপ্টেম্বর || জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শনিবার খোয়াইয়ের গণকী দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন অটল কমিউনিটি হলে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান আয়োজিত হয়। ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবার নানা দিক তুলে ধরা হয়।
গণকী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুবর্ণা দেববর্মা এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিত ও বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, জেলা সভাধিপতি, খোয়াই জেলা পরিষদ অপর্ণা সিংহ রায়, যুগ্ম অধিকর্তা, তথ্য ও সংস্কৃতি দপ্তর দিলীপ কুমার দেববর্মা, শিক্ষক অমিত দাস সহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সূচনাতেই উপস্থিত অতিথিরা নারী শিক্ষার প্রবর্তক ও সমাজ সংস্কারক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তীতে আলোচনা সভায় বক্তারা বিদ্যাসাগরের বর্ণময় কর্মজীবন, নারী শিক্ষার প্রসারে তাঁর ঐতিহাসিক ভূমিকা এবং সমাজ সংস্কারমূলক কাজ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা আহ্বান জানান, বিদ্যাসাগরের অক্ষয় আদর্শ, নৈতিকতা ও মানবিক চেতনাকে পাথেয় করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। বর্ণাঢ্য এই কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় প্রাতঃস্মরণীয় এই মনীষীকে।
