আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ এপ্রিল || প্রদেশ কংগ্রেসের লিগ্যাল সেলের বরিষ্ঠ সদস্য শঙ্কর ভট্টাচার্য্যের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অন্দরে। শনিবার তাঁর মৃত্যু হয়। রবিবার তাঁর পার্থিব দেহ আগরতলার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে নিয়ে আসা হয়, যেখানে দলীয় নেতৃত্ব ও কর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা প্রয়াত নেতার পার্থিব দেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শোক প্রকাশ করেন।
দলীয় রীতি মেনে শঙ্কর ভট্টাচার্য্যের মরদেহে কংগ্রেসের দলীয় পতাকা অর্পণ করা হয়। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও দলের প্রতি অবদানের কথা স্মরণ করে নেতৃত্বরা তাঁকে এক নিষ্ঠাবান ও কর্মঠ সংগঠক হিসেবে উল্লেখ করেন।
প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শঙ্কর ভট্টাচার্য্যের প্রয়াণে দল এক অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালো।
