আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ এপ্রিল || প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ ও রাজ্যের উন্নয়নের ধারা বজায় রাখতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি)-তেও ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
শনিবার গন্ডাছড়া মোটরস্ট্যান্ডে আয়োজিত নির্বাচনী জনসভায় গঙ্গানগর-গন্ডাতুইসা কেন্দ্রের প্রার্থী ভূমিকানন্দ রিয়াং এবং রাইমাভ্যালী কেন্দ্রের প্রার্থী সমীর রঞ্জন ত্রিপুরার সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এ কথা বলেন।
সভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মোট ৭১০ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। নবাগতদের দলে স্বাগত জানিয়ে তিনি বলেন, এই বিপুল সংখ্যক মানুষের সমর্থনই প্রমাণ করে এডিসিতে বিজেপির প্রতি জনগণের আস্থা ক্রমশ বাড়ছে। বিশেষ করে জনজাতি অংশের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সভায় লক্ষ্য করা যায়।
মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, বর্তমানে এডিসিতে ভ্রষ্টাচার ও অশান্তির পরিবেশ বিরাজ করছে, যা থেকে মুক্তি চায় সাধারণ মানুষ। তিনি দাবি করেন, উন্নয়নের স্বার্থে জনগণের একমাত্র ভরসা এখন ভারতীয় জনতা পার্টি।
তিনি আরও বলেন, আসন্ন এডিসি নির্বাচনে ২৮টি আসনেই বিজেপিকে জয়ী করে ‘ট্রিপল ইঞ্জিন’ সরকার গঠনে জনগণ প্রস্তুত। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলির মধ্যে হতাশা তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
এদিন নাম না করে তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, সন্ত্রাস, হামলা ও হুজ্জুতির মাধ্যমে রাজনীতি করে জনগণের সমর্থন আদায় করা সম্ভব নয়। পাশাপাশি, জনজাতিদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
